চব্বিশের জুলাই–আগস্টের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি শুনি, তা হলো প্রশাসনে সংস্কার হলো না কেন? প্রশ্নটি সরল, তবে এর ভেতরে একটি অনুমান লুকিয়ে আছে—সংস্কারের আন্তরিক চেষ্টা হয়েছিল এবং তা ব্যর্থ হয়েছে। গত দুই বছরের ঘটনাপ্রবাহ ভিন্ন সাক্ষ্য দেয়। বস্তুত, সংস্কার ব্যর্থ হয়নি; বরং সংস্কার ঠেকানোর প্রকল্প সফল হয়েছে। তাই আসল প্রশ্ন দুটি—কে, কীভাবে সেই সাফল্য নিশ্চিত করল, আর এখন কী করা যায়।
২
চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র কার্যত দিশাহারা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিল, কিন্তু তখনো তার নীতি, অগ্রাধিকার ও জবাবদিহির কোনো কাঠামো দাঁড়ায়নি। পুলিশ মাঠে নেই, সচিবালয়ে শৃঙ্খলা নেই। এই শূন্যতায় সবচেয়ে সংগঠিত ও দ্রুত সাড়া দিল আমলাতন্ত্রের একটি অংশ। ১৩ আগস্ট রাতে শতাধিক সিনিয়র সহকারী সচিব উপসচিব হলেন। এক সপ্তাহের মধ্যে দুই শতাধিক উপসচিব হলেন যুগ্ম সচিব। ২৫ আগস্ট ১৩১ জন যুগ্ম সচিব হলেন অতিরিক্ত সচিব।