কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় আইন ও আদালতের একটা প্রধান উপযোগিতা রেজিমের বৈধতা প্রদান করা। তা করার একটি বিশেষ উপায় হলো রাষ্ট্রের প্রধান ও গুরুতর রাজনৈতিক বিতর্কগুলো সমাধানের ক্ষেত্রে অতিমাত্রায় আদালতনির্ভরতা। তাত্ত্বিকেরা এর নাম দিয়েছেন ‘রাজনীতির বিচারিকীকরণ’। এ প্রক্রিয়ায় ‘রাজনৈতিক আদালত’–এর উত্থান ঘটে এবং রাজনৈতিক পরিসরকে ব্যাপকভাবে বিভাজিত করা হয়।  সরকার তার ক্ষমতা ও বৈধতা-সংক্রান্ত প্রধান প্রশ্নগুলো বা সংস্কারের ইস্যুগুলো আদালতের কাঁধে বন্দুক রেখে সমাধান করে নেয়। বাজেট, নিয়োগ ও পদোন্নতি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে রেখে, উচ্চ আদালতে বেঞ্চ পুনর্গঠন করে কিংবা অবসর-পরবর্তী নিয়োগের প্রলোভন সামনে রেখে বিচার বিভাগকে নতজানু করে রাখা হয়। ঘটে ‘বিচারব্যবস্থার রাজনীতিকরণ’।