নিজের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে ছয় সন্তানকে বড় করেছেন শামসুল হক মোল্লা। স্বপ্ন দেখেছেন জীবনের শেষ দিনগুলোতে সন্তানদের সান্নিধ্যে কাটাতে পারবেন। কিন্তু সেই বার্ধক্যেই আজ তিনি সন্তানদের কাছে বোঝা হয়ে গেছেন। ছয় সন্তানের কারও ঘরেই তাঁর আশ্রয় মেলেনি। শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয়েছে বাড়ির পাশের একটি গাছতলায়।
শামসুল হক মোল্লার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে রিয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে শারীরিক প্রতিবন্ধী।