National
মসজিদের মাইকে গ্রামবাসীকে ডেকে দোকানপাট ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে ১২টি দোকানঘর ভাঙচুর–লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক172K বার পড়া

কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে ১২টি দোকানঘর ভাঙচুর–লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যেতে চাইলে ভুক্তভোগীদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযুক্ত সোনা মহলদার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি কবরস্থানের। ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমিটি ভোগদখল করে আসছেন। এ কারণে কবরস্থান কমিটির সদস্যরাসহ তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছেন। তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সময় তিনি সংসদ সদস্যের বাসায় ছিলেন।


