নিজ গ্রামে বিদ্যালয় ছিল না। বাড়ি থেকে সবচেয়ে কাছের বিদ্যালয়ে যেতে হতো সাত কিলোমিটার হেঁটে। এরপরও তিনি দমে যাননি। এ প্রতিকূলতার মধ্যেই নিজের পড়া চালিয়ে গেছেন। এখন তিনি নিজেই শিক্ষক। এলাকায় শিশু ও শিক্ষার্থীদের কাছে তিনি ‘প্রিয় ম্যাডাম’ নামে পরিচিত।
গল্পটা রেজিয়া পারভীনের। তিনি কক্সবাজারের রামু উপজেলার পেঁচার দ্বীপের মাংলাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি দুর্গম উপকূলীয় জনপদে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ফিরিয়ে আনার কাজ করেন তিনি। এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ উদ্ভাবক ও অদম্য নারীর স্বীকৃতিসহ একাধিক পুরস্কার।