ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন রাকিবুল ইসলাম। সব সময় ক্লাসে প্রথম হয়েছেন। এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকার ফার্মগেট এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গত ১৬ সেপ্টেম্বর কোচিংয়ের শিট দেওয়ার কথা বলে এক লোক তাঁকে বাসা থেকে ডেকে নেন। এরপর আর ফেরেননি রাকিব। গত ৬ অক্টোবর নীলফামারীর ডিমলা থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়।
গত শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাকিবুল জিপিএ–৫ পেয়েছেন। কিন্তু তাঁর এই ভালো ফলের আনন্দ নেই পরিবারে। ছেলে হারানোর ব্যথায় পাগলপ্রায় মা। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও মেনে নিতে পারছেন না মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি।