মবের শিকার হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাতেম আলী। আদালত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রায় ২৭ মাস পর আজ মঙ্গলবার আবার অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট কলেজে মব তৈরি করে অধ্যক্ষ হাতেম আলীকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। ওই সময়ে ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। এর পর থেকে তিনি দায়িত্বের বাইরে ছিলেন। এই সময়ে কয়েক দফায় দায়িত্ব ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি পেলেও হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি। আদালতের নির্দেশনা থাকার পরও ফেরা সম্ভব হয়নি। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রশাসনিক কাজ চলছিল।