বিএনপির সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলছিল। কেউ স্লোগান দিচ্ছিলেন, কেউ বিলি করছিলেন প্রচারপত্র। নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎ গুলির শব্দ। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যান সবাই। এর মধ্যেই এক যুবক পেছন থেকে গণসংযোগে থাকা এক ব্যক্তির ঘাড়ে পিস্তল ঠেকিয়ে পরপর তিনটি গুলি করেন। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাঁর।
গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এক বছর পার হতে চললেও গুলি করা সেই শুটার কে তা শনাক্ত করতে পারেনি পুলিশ।