এলাকার কারও ঘরে বিদ্যুতের সংযোগে সমস্যা কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের প্রয়োজন—তখনই ডাক পড়ে ২২ বছর বয়সী তরুণী নিপা ত্রিপুরার। পেশায় ইলেকট্রিশিয়ান নিপাও যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সমস্যা সমাধানে ছুটে যান। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সৌর প্যানেল স্থাপনের কাজেও সবার ভরসাও তিনি।
নিপা ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়ায়। তাঁর বাবা খুপেন্দ্র ত্রিপুরা জুমচাষি। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট নিপা। প্রবল আগ্রহ থেকেই নিজেকে ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে তুলেছেন তিনি।