ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তাঁরাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। অন্য আটজনকে আটক করেছে বিভিন্ন থানা–পুলিশ।