আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়, উপস্থিত আসামিদের বিরুদ্ধে কোনো রায় হচ্ছে না—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিকে আদালত অবমাননাকর মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে রোববার এই আদেশ দেন। ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার।