বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে মেট্রোরেল চলাচলে ব্যাঘাত ঘটেছে।
মিরপুরের তিনটি স্টেশন কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বেলা দুইটার দিকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানায়, স্টেশনের নিচের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ কারণে বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর–১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে ঢোকা ও বের হওয়ার সব গেট বন্ধ রাখা হয়। স্টেশনে কোনো ট্রেন থামানো হয়নি। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ হয়নি।