ঝালকাঠির কাঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ কাঠালিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী জাকির হোসেন মুন্সি ও ছোট ভাই জসিম মুন্সিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাগানের মালিক মো. মাজেদুল হাসান। তিনি উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা, ঢাকায় থাকেন।