ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা আজ রোববার সকাল ৯নয়টার দিক থেকে বিক্ষোভ ও অবরোধ করেন। এ সময় সহিংসতার ঘটনাও ঘটেছে। অবরোধের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বেলা তিনটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়।
বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দফায় দফায় শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত ২৫ জন। এ ছাড়া শ্রমিকদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন।