National
কমনীয় কমলাঘণ্টি ফুল
হেমন্তের এক দুপুরে চোখ আটকে গেল একগুচ্ছ ফুলে। ফুলগুলোর রং কমলা ও হলুদের মিশেল। মনে হলো, সূর্যের আলো যেন ফুলের পাপড়িতে এসে আশ্রয় নিয়েছে। থোকায় থোকায় ফোটা ফুলগুলো এমনভাবে সাজানো, যেন আলোর রং মেখে পুষ্পগুচ্ছ দিয়ে ধরিত্রীকে
লেখক মৃত্যুঞ্জয় রায়123K বার পড়া
হেমন্তের এক দুপুরে চোখ আটকে গেল একগুচ্ছ ফুলে। ফুলগুলোর রং কমলা ও হলুদের মিশেল। মনে হলো, সূর্যের আলো যেন ফুলের পাপড়িতে এসে আশ্রয় নিয়েছে। থোকায় থোকায় ফোটা ফুলগুলো এমনভাবে সাজানো, যেন আলোর রং মেখে পুষ্পগুচ্ছ দিয়ে ধরিত্রীকে অঞ্জলি নিবেদন করছে।
আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবনের চত্বরে বেশ কিছু ফুল ও বাহারি গাছ আছে। সেগুলোর মধ্যে অনুচ্চ, ঝোপালো এই গাছ আলাদা করে নজর কাড়ে। হেমন্তের রোদে তার ফুলের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঋতু বদলালেও তার শোভা আরও কিছুদিন ধরে প্রকৃতিকে রাঙিয়ে রাখবে।
এ গাছের এক সহোদরাকে আমরা প্রায় সবাই চিনি। নাম চন্দ্রপ্রভা বা সোনাপাতি। এ ফুলের রং স্বর্ণাভ হলুদ, যেন পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে আছে পাপড়িতে। আর তারই আরেক সহোদরার ফুলের রং কমলা। গাছটি সম্প্রতি বাংলাদেশে এসেছে। এ কারণে এখনো এর কোনো বাংলা নামকরণ হয়নি। ইংরেজিতে এর নাম অরেঞ্জ বেল বা অরেঞ্জ ট্রাম্পেট ফ্লাওয়ার। ফুলের গড়ন ও রঙের সঙ্গে মিল রেখে ইংরেজি নামের আদলে এর বাংলা নাম হতে পারে ‘কমলাঘণ্টি’।


