ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।
জামিন চেয়ে আখতারুজ্জামানের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।
এর আগে অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত সপ্তাহে আবেদন করেন আখতারুজ্জামান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি আর্টনি জেনারেল মো. মনজুরুল আলম (সুজন)।