সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আজ রোববার এক দিনের জন্য শিথিলের ঘোষণা দেওয়া হলেও চলছে না কোনো যানবাহন। পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সাজেক সড়ক এক দিনের জন্য খুলে না দিয়ে স্থায়ীভাবে খুলে দেওয়ার দাবিতে তাঁরা ধর্মঘট পালন করেছেন।
সাজেকে গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দফায় ২২ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি চলে আসছিল। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে আজ এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দেয় সংগঠন দুটি। গত শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।