খুলনা নগরের লবণচরায় সড়কের ওপর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল (৩৫) ওই এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, তিনি দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে বাড়িতে এসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বের হন। রাত ১১টার দিকে শহীদুলের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি।