‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। তখন দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখে ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে।’
কথাগুলো বলছিলেন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী। তিনি রাজধানীর আজিমপুর সরকারি কলোনির (জোন-বি) একটি ভবনে ‘সাবলেট’ থাকতেন, অর্থাৎ ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। এই কলোনিতে ভাড়া থাকা অনেক শিক্ষার্থীর একজন তিনি।