পড়ন্ত বিকেলে মাঠে ব্যাট-বল হাতে অনুশীলনে ব্যস্ত একদল শিশু-কিশোর। কেউ নেটে বোলিং করছে, কেউ ব্যস্ত ব্যাটিংয়ের কৌশল রপ্তে। বলের লেংথ বুঝে খেলা, ব্যাট ধরার পদ্ধতি, পায়ের অবস্থান—প্রশিক্ষকের নির্দেশনায় শিখছে ক্রিকেটের এসব খুঁটিনাটি।
সম্প্রতি এই চিত্র দেখা গেল চট্টগ্রামের সন্দ্বীপের সরকারি হাজী আবদুল বাতেন কলেজের মাঠে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যিনি ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছিলেন, তাঁর নাম আরিফুল আলম ওরফে খালেদ। ২০১৯ সালে দ্বীপটির শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিতে তিনি গড়ে তোলেন ‘সন্দ্বীপ ক্রিকেট একাডেমি’।