সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে গত বছরের শেষ দিকে সৌদি আরবে গিয়েছিলেন শামীম হোসেন। এরপর একমাত্র কন্যাসন্তানের জন্ম হয়। জন্মের পর প্রতিদিনই ভিডিও কলে মেয়েকে দেখতেন শামীম। মেয়ে কথা বলতে না পারলেও তার সঙ্গে গল্প করতেন, আদর দিতেন। ইচ্ছা ছিল, আগামী রোজার ঈদে দেশে ফিরে মেয়েকে কোলে নেবেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি শামীমের।
মেয়ের জন্মের ৩৪ দিনের মাথায় গত ১০ আগস্ট সৌদি আরবের রিয়াদে নিজ কর্মস্থলে অগ্নিকাণ্ডে শামীম হোসেনসহ ১৬ জন নিহত হন। অগ্নিকাণ্ডে মরদেহ শনাক্ত করতে জটিলতা দেখা দেওয়ায় তখন মরদেহ দেশে আসেনি। ৮২ দিন পর আজ শনিবার কফিনবন্দী হয়ে একমাত্র সন্তানের মুখোমুখি হয়েছেন শামীম।