সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।