প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। এসব কথা উঠে এসেছে প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি।
অনুষ্ঠানে বক্তারা তরুণ ও প্রবীণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, প্রবীণেরা সমাজের সম্পদ। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।