যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। একই সঙ্গে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছর ৫ হাজার ৯৯৫ জন জিপিএ–৫ পেয়েছিলেন।
ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করায় এমন ফল হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে বিষয়টিকে ফল বিপর্যয় বলতে নারাজ বোর্ডের কর্মকর্তারা। যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, ‘এটি ফলাফল বিপর্যয় নয়; এটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। আমরা শিক্ষার গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি।’