দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শুধু তা–ই নয়, গত পাঁচ বছরে এবার বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এবার বোর্ডের ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন।
আজ শনিবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।