রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।
গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।