নেত্রকোনার কলমাকান্দায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী হক্কা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মেয়ের সঙ্গে হক্কা মিয়ার ছেলের প্রেমের সম্পর্কের অভিযোগে চার-পাঁচ মাস আগে তাঁদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন জামাল মিয়া। এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও বেড়ে যায়। সম্প্রতি জামাল মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তোলেন হক্কা মিয়া ও তাঁর লোকজন।