ইলিশ সংরক্ষণ অভিযান শেষে শরীয়তপুরের পদ্মা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ। দুই দিন ধরে শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে পাঙাশ পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। এসব মাছের প্রতিটির ওজন ৫ থেকে ১২ কেজি। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পাঙাশ পেয়ে খুশি জেলেরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দুই জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পাঙাশ বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে। জেলেরা বলছেন, গত বছরও মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পর পদ্মা নদীতে প্রচুর পাঙাশ ধরা পড়েছিল। সে সময় টানা সাত দিন নদীর বিভিন্ন স্থানে জেলেদের জালে পাঙাশ মাছ ধরা পড়ে।