কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বের হওয়া ‘গ্যাসের আগুন’ চার দিনেও নেভেনি। আগুন দেখতে আজ শুক্রবারও ঘটনাস্থলে ভিড় করেছেন শত শত মানুষ। তাঁদের নিরাপত্তার কথা বিবেচনায় আগুনের উৎসের আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সই করা এক আদেশে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।