১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড ও কনস্যুলেটের কয়েকজন কর্মকর্তা ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু তাঁদের প্রতিবাদ উপেক্ষা করে পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখে নিক্সন প্রশাসন। এমনকি পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর ঘোষণাও দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এই ভূমিকার কারণে দেশটির তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত ছিলেন।