‘অনেক প্রার্থনা করেছি, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। অনেক চেষ্টা করেছি। কোনোভাবেই মেয়েটাকে বাঁচাতে পারলাম না।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া আট বছরের শিশু ঐশী দাসের বিষয়ে জানাতে গিয়ে কথাগুলো বলছিলেন শিশুটির চাচা মিটন দাস। আজ শুক্রবার সকালে নগরের উত্তর কাট্টলী বাংলাবাজার এলাকায় বাড়িতে কথা হয় তাঁর সঙ্গে।
ঐশী দাসের মৃত্যু হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। সে কাট্টলী এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা লিটন দাস কুয়েতপ্রবাসী। ঐশী ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া আরেক মেয়ে রুহি দাসকে নিয়ে কাট্টলীর বাড়িটিতে থাকেন মা লিপি দাস।