বহুতল ভবন উঠছে, সড়ক প্রশস্ত হচ্ছে, তৈরি হচ্ছে ফ্লাইওভার। কিন্তু শহরে শিশুদের খেলার জায়গা কমছে, হারিয়ে যাচ্ছে পুকুর ও উঠান। একই ভবনে পাশাপাশি থেকেও অনেকের সঙ্গে প্রতিবেশীর পরিচয় হচ্ছে না। আবাসিক এলাকা হয়ে উঠছে কেবল ঘুমানোর জায়গা। নগরায়ণের এই ধারার পরিবর্তন চেয়ে মানুষের মেলামেশা, খেলাধুলা ও প্রতিবেশী সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নগর–পরিকল্পনাবিদেরা।
তাঁরা বলেছেন, বাংলাদেশের শহরগুলোকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর কিংবা লন্ডন–নিউইয়র্ক বানানোর চেষ্টা ছেড়ে নিজস্ব বাস্তবতায় পরিকল্পনা করতে হবে। উন্নয়নের সাফল্য শুধু ভবনের উচ্চতা কিংবা অবকাঠামোর পরিমাণ দিয়ে মাপলে চলবে না; মানুষ সেখানে কতটা সুস্থ, নিরাপদ ও সামাজিকভাবে সংযুক্ত জীবন কাটাতে পারছে, সেটিও দেখতে হবে।