বাবার সঙ্গে দাদার বাড়ি থেকে রাতে নানার বাড়ি যাচ্ছিল চার বছরের ছোট্ট তোয়াবা। পথে তাঁদের ওপর হামলা হলে বাবা–মেয়ে আলাদা হয়ে যান। গুরুতর আহত অবস্থায় কোনো রকমে বাড়ি ফেরেন বাবা। তবে পাওয়া যাচ্ছিল না শিশু তোয়াবাকে। গতকাল বুধবার রাতের এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ পাওয়া গেছে এলাকার কাশবনে। আর দুপুরে হাসপাতালে মারা গেছেন বাবা।
গতকাল রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকাল নয়টার দিকে ওই গ্রামের একটি ইটভাটার পাশে কাশবন থেকে শিশু তোয়াবার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শিশুটির বাবা গোলাপ হোসেনের মৃত্যু হয়।