ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় পরিসরের কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই সময়ে মাঠপর্যায়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় সভা-সমাবেশ সেভাবে হয়নি। লংমার্চের রাজনীতির ‘ফসল’ আলাদা দল হিসেবে এনসিপির কতটা কাজে লাগছে, তা নিয়ে দলটিতে নানা মত রয়েছে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে থাকলেও পৃথক দল হিসেবে এনসিপি নিজেদের ‘স্বতন্ত্র পরিচয়’ ধরে রাখতে চায়। এরই অংশ হিসেবে ১১–দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের এক দিন আগে আগামীকাল শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ ডেকেছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ হবে।