সরকারি একটি প্লটের আশায় কেউ দেড় লাখ, কেউবা দুই লাখ টাকা জামানত দিয়ে আট মাস ধরে অপেক্ষা করছেন। হবিগঞ্জের বাসিন্দাদের মধ্যে এ রকম আবেদনকারী ৬৯৬ জন। কিন্তু প্লট বরাদ্দের লটারি এখনো হয়নি। এর মধ্যে নতুন করে আবেদন নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এতে প্লট পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের অনিশ্চয়তা আরও বেড়েছে।
গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল এলাকায় ২০১৬ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিলেট বিভাগের অধীন স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ‘সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়। ২০১৭ সালে প্রকল্পটির ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন পায়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ২৭ কোটি ৪১ লাখ টাকা। ইতিমধ্যে প্রায় সাড়ে ১৬ একর জমি অধিগ্রহণ করে ভূমি উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজও শেষ হয়েছে।