সৌদি আরবে হুতিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রুট দুটির ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পরে দাম্মাম রুটে ফ্লাইট চালু হয়। আজ বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। রাতেই আবার বন্ধের সিদ্ধান্ত এল।
আজ রাত সাড়ে নয়টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।