রামেনা বেগমের বয়স ৬৫ বছর। খুলনার দাকোপের সুন্দরবনসংলগ্ন কালাবগী থেকে সকাল সাড়ে আটটায় ইজিবাইকে চড়ে এসেছেন নলিয়ানে। এবড়োখেবড়ো মাটির রাস্তায় ভাড়া লেগেছে ৮০ টাকা। ফেরার পথেও লাগবে আরও ৮০ টাকা। তাঁর কাছে এই খরচ অনেক। তবু কষ্ট করে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার আশায়।
কিন্তু নলিয়ানে এসে দেখেন, প্রধানমন্ত্রীর অবতরণস্থলের কাছেই বাঁশ দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে সামনে যাওয়ার সুযোগ নেই। দূর থেকেই দেখতে হয়েছে প্রধানমন্ত্রীকে।
রামেনা বেগম বলেন, ‘বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম, ভালো করে দেখতে পাব। এসে দেখি, বাঁশ দিয়ে রাস্তা আটকে রাখা। যেতে দিচ্ছে না। তারপরও দূর থেকে একটু দেখতে পেরেছি। এতেই আমি খুশি।’