সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করে বলেছে, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। এর প্রতিবাদ জানায় সিপিবি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতারা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে দলটির নেতারা বিদেশে প্রবাসী মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।