বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে টিবি হাসপাতাল ও শিশু হাসপাতাল মাঠে তাঁর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এরপর অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মনিরুজ্জামান খান ফারুক কয়েকজনকে চড়থাপ্পড় ও পাইপ দিয়ে মারছেন। তাঁর সঙ্গে মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদুর রহমানসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী ছিলেন। প্রথমে দুজন এবং পরে আরও দুজনকে আটক করেন তাঁরা। অভিযানের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।