পুরান ঢাকার কাপ্তান বাজার থেকে আজ বৃহস্পতিবার ভোরে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মুরগি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন মো. শামীম হাওলাদার (৩৫)। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ ঘটনায় ভ্যানচালক মো. রাসেল (১৮) ও মুরগির দোকানের কর্মচারী শামীম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ দুর্ঘটনার তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন, আজ ভোর পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।