১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে আরিচা ফেরিঘাট থেকে ‘বাঘমামা’ লঞ্চ রওনা হলো। আমাদের গন্তব্য পাবনার নাজিরহাট। পদ্মা নদীর উজান ঠেলে যেতে হবে। পলি-বালু থাকায় পানি ঘোলাটে। বর্ষার শেষ ভাগ হলেও পদ্মার স্রোত এখনো বেশ তীব্র। পদ্মার বুকে চর জাগতে শুরু করেছে।
১৭ অক্টোবর বিকেলে বোটে উঠেছি। নদীর শুশুক নিয়ে আমাদের গবেষণা প্রকল্পের দ্বিতীয় বছরের কাজ শুরু হলো এ মাসের শুরুতে। আমাদের শুশুক জরিপ দল ১১ অক্টোবর খুলনার রূপসা নদী থেকে রওনা দিয়ে আরিচার পদ্মায় এসেছে ১৭ অক্টোবর। পদ্মা-যমুনার মিলনস্থল শিবালয়ের নেহালপুর গ্রামের পাশে আমাদের বোট নোঙর করা। সেখানেই রাত কাটালাম।