লক্ষ্মীপুরে সারের ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অভিযোগ উঠেছে, দলীয় প্রভাব খাঁটিয়ে তাঁরা সারের ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।
আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে ডিলার নিয়োগের নীতিমালায়। তবে ডিলার হিসেবে মনোনীত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকেরই সারের ব্যবসার অভিজ্ঞতা নেই। বাদ পড়া অনেক আবেদনকারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সারের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পরও তাঁরা ডিলার হতে পারেননি।