কড়া নিরাপত্তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের (পারমাণবিক জ্বালানি) আরেকটি চালান। বুধবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। মুঠোফোনে তিনি বলেন, ইউরেনিয়ামের এই চালান প্রকল্পের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান। সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পারমাণবিক জ্বালানিবাহী লরি প্রকল্প এলাকার পৌঁছেছে। আন্তর্জাতিক নীতিমালা মেনে এই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে।