নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শিমখেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম মো. শাহেদ (১৭)। সে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকার বাসিন্দা। আজ বুধবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহেদের মা–বাবা বৃদ্ধ, উপার্জনে অক্ষম। বৃদ্ধ মা–বাবাসহ পরিবারের খরচ মেটাতে দিনমজুরির কাজ করত কিশোর মো. শাহেদ। আজ সকালে এক প্রতিবেশীর শিমখেতে কাজ করতে গিয়েছিল সে। সকাল সাড়ে ১০টার দিকে খেতের মালিক গিয়ে দেখেন সেখানে শাহেদ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে এক পল্লিচিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান শাহেদের মৃত্যু হয়েছে।