সরকারি বিভিন্ন দপ্তরে ১৬ থেকে ২০তম গ্রেডের প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের প্রস্তাব ঝুলে গেছে। আউটসোর্সিং নীতিমালা সংশোধনের কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এসব পদে নিয়োগ দিতে পারছে না বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। ফলে চাহিদা থাকা সত্ত্বেও কর্মী নিয়োগ দেওয়া যাচ্ছে না। সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
এত দিন তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে নিয়োগ দেওয়া হতো আউটসোর্সিং বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না। মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সরাসরি লোক নিয়োগ করতে পারবে। এ ছাড়া কোনো মন্ত্রণালয় বা বিভাগ চাইলে অর্থ বিভাগের অনুমোদিত বিশেষায়িত প্রতিষ্ঠান আইআইএফসির মাধ্যমে লোক নিয়োগ দিতে পারবে।