নির্ধারিত সময়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ট্রেনটির যাত্রীরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনমাস্টারের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন ৭০ থেকে ৮০ জন যাত্রী। এ ছাড়া বেশ কিছু যাত্রীকে প্ল্যাটফর্মেও বিক্ষোভ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে।