রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের পর ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাঁকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।