গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিতেন না। অথচ প্রতিষ্ঠানের সফটওয়্যারে দেখাতেন টাকা জমা হয়েছে। কখনো আবার মালিকের সই করা ফাঁকা চেকে প্রাপকের নাম বদলে অর্থ সরিয়ে নিতেন ব্যক্তিগত হিসাবে। এভাবে সানজি গ্রুপ অব কোম্পানিজের ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাৎ করা হয়েছে। এমন সব অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইডি।