কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মামলার অভিযুক্ত ব্যক্তিদের প্রকৃত বয়স নির্ধারণ করে আইনের আওতায় আনা এবং বয়সের অজুহাতে কেউ যেন বিচার থেকে রেহাই না পান, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।