বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। তাঁরা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন কবির প্রতি অবমাননা নয়, বরং বাঙালির সাহিত্য, সংস্কৃতি, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত।
গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব। বাঙালির আত্মপরিচয় নির্মাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং বিশ্বমানবতার বাণী ছড়িয়ে দিতে তাঁর সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে।